দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় বন্দরনগরী আল-মাখায় (মোখা) নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এতে অন্তত ৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এর আগে রোববারের হামলায় আরও ১১ জন নিহত হন।
সোমবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, সর্বশেষ হামলায় চার সামরিক সদস্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। হামলায় জড়িত ১১টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত না করে সাগরে পড়ে।
হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশনে প্রচারিত ফুটেজে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, আল-মাখা এলাকায় সৌদি সেনাদের অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, সর্বশেষ হামলায় শহরের বেসামরিক স্থাপনা, অবকাঠামো, আবাসিক ভবন, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও সামরিক অবস্থান লক্ষ্যবস্তু করা হয়। এর আগে রোববারের হামলায় আল-মাখায় অন্তত ১১ জন নিহত ও ৩২ জন আহত হন। নিহতদের মধ্যে আটজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক ছিলেন।
আগের হামলায় আল-মাখা বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর এলাকার বিভিন্ন ভবন ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরের অবকাঠামো, পণ্য ও খাদ্যসামগ্রীরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে সরকারি বাহিনী দাবি করেছে, বন্দরটির দিকে এগিয়ে আসা বিস্ফোরকবোঝাই একটি চালকবিহীন নৌযানও তারা ধ্বংস করেছে।
হুথিরা দাবি করেছে, ইয়েমেনের পশ্চিম উপকূল ও তাইজ প্রদেশে সৌদি আরবের সামরিক উপস্থিতি ও মিত্র বাহিনীর অস্ত্র ও সরঞ্জাম বাড়ানোর জবাবে তারা এ হামলা চালিয়েছে। হুথি রাজনৈতিক পরিষদের সদস্য হিজাম আল-আসাদ দাবি করেন, বন্দরে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের কারণে বিস্ফোরণ, আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
আল-মাখার পাশাপাশি হোদেইদাহর দক্ষিণের আল-খোখা এলাকাতেও হামলা চালানো হয়েছে। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের সঙ্গে সংশ্লিষ্ট আল-জুমহুরিয়া টেলিভিশনের দাবি, রোববার হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই এলাকায় হোদেইদাহর সরকারি গভর্নর আল-হাসান তাহেরের বাসভবনে আঘাত হানে। তবে তিনি হামলা থেকে বেঁচে গেছেন বলে জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/